ভোটের মধ্যে দুই কর্মকর্তার মৃত্যু
উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোটগ্রহণের সময় ঢাকার কেরানীগঞ্জ এবং জয়পুরহাটের ক্ষেতলালে হৃদরোগে মারা গেছেন দুই পোলিং কর্মকর্তা।
বৃহস্পতিবার এই দুই সহকারী শিক্ষক মারা যাওয়ার পর দুই কেন্দ্রে নতুন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেয়া হয় বলে নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান জানিয়েছেন।
ক্ষেতলাল উপজেলার ৩১ নম্বর ভোটকেন্দ্রে মারা যান পলাশ চন্দ্র মহন্ত (৩০)। কেরানীগঞ্জ উপজেলার ১৯২ নম্বর কেন্দ্রে মারা যাওয়া পোলিং কর্মকর্তা হলেন শহীদুল ইসলাম।
দুই নির্বাচনী এলাকার দুই রিটার্নিং কর্মকর্তা স্ব স্ব কেন্দ্রের পোলিং কর্মকর্তার মৃত্যুর তথ্য ইসিতে পাঠিয়েছেন।
আশফাকুর বলেন, “এই দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে তথ্য এসেছে মাঠ পর্যায় থেকে। তাদের পরিবর্তে নতুন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দিয়ে ভোটগ্রহণ চলে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জয়পুরহাট প্রতিনিধি জানান, ক্ষেতলালের তিলাবদুল আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পলাশ মহন্ত মারা যান।
পলাশ ক্ষেতলাল উপজেলার রোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ওই উপজেলার পাঠানপাড়া গ্রামের অজিত চন্দ্র মহন্তের ছেলে।
তিলাবদুল আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোলযোগ ছাড়াই ভোটগ্রহণ চলে।
