বিজিবি-ভোটার সংঘর্ষ, বাগেরহাটে কেন্দ্র স্থগিত
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ভোট কেন্দ্রে হামলা চালিয়ে দুটি ব্যালট বাক্স পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।
এ ঘটনায় সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে বলে বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ শুকুর আলী জানান।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন মোল্লা জানান, বিজিবির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরদার নিয়ামত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দুই সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সরদার নিয়ামত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্র থেকে প্রায় ২শ’ গজ দূরে আওয়ামী লীগের সমর্থক হারুনুর রশিদ এবং স্থানীয় ইউপি সদস্য জামানের মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে সকালে বিজিবি সদস্যদের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা তাদের লঠিপেটা করে আটক করে। এর জের ধরে এলাকার লোকজন রাস্তা অবরোধ করে।
“খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে হারুন ও জামানকে ছেড়ে দেয়ার অনুরোধ করি। তখন বিজিবি আমাকেও তুলে থানায় নিয়ে গিয়ে মারধর করে।”
এরপর এলাকার লোকজন ওই ভোটকেন্দ্রে হামলা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নজিবুর রহমান বলেন, হামলার পর ভোটকেন্দ্রের কর্মকর্তারা একটি কক্ষে আশ্রয় নেন। ওই সময় হামলাকারীরা দুটি ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ শুকুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংঘর্ষের পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।”
