২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০০ শাল গাছ কাটার অনুমতি

সড়ক উন্নয়নে জয়দেবপুর থেকে মাওনা পর্যন্ত বন বিভাগের প্রায় পাঁচশ শাল গাছ কাটার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 02:10 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা এ তথ্য জানান।

তিনি বলেন, “সংরক্ষিত প্রাকৃতিক বন থেকে বৃক্ষ কর্তন ২০১৫ সাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত আংশিক শিথিল করে জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য এ অনুমোদন দেয়া হয়েছে।”

২০১০ সালের ৩১ ডিসেম্বর মন্ত্রিসভায় ২০১৫ সাল পর্যন্ত সংরক্ষিত প্রাকৃতিক বনে গাছ না কাটার সিদ্ধান্ত হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

ঢাকা-ময়মনসিংহ চার লেন প্রকল্পের ভাওয়াল গড় এলাকায় এ শাল বৃক্ষগুলো কাটা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রকল্পের ৪টি অংশের মধ্যে ২টি অংশ সেনাবাহিনী বাস্তবায়ন করছে, সেনাবাহিনী এ প্রস্তাব দেয় সড়ক বিভাগকে, পরে সড়ক বিভাগ পরিবেশ ও বন মন্ত্রণালয়কে এ প্রস্তাব দেয়।

“প্রকল্পে সয়েল টেস্টিংয়ের পর এলাইনমেন্ট পরিবর্তনের কারণে গাছ কাটার প্রয়োজন পড়ছে।”

একই প্রকল্প বাস্তবায়নের জন্য এর আগে ২০১২ সালের ৩১ অক্টোবর ৫ হাজার ৭০০ গাছ কাটার অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।

বৈঠকে বাংলাদেশের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, “আন্তর্জাতিক স্বীকৃতির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের লেনদেন আর এফএটিএফ-এর পর্যবেক্ষণের আওতায় থাকবে না। বৈদেশিক সাহায্যে হ্রাসের সম্ভবনা হ্রাস পাবে, আমদানি ও রপ্তানি বাণিজ্যে বাংলাদেশর খরচও কমবে।”