জবি শিক্ষার্থীদের ওপর হামলায় তদন্ত কমিটি
হল দখলমুক্ত করতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট, কাঁদুনে গ্যাস ও লাঠিপেটার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ।
পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে জগন্নাথ রণক্ষেত্র
রোববার রাতে উপাচার্য ড. মিজানুর রহমানের বাসভবনে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জবি জনসংযোগ বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক হোসেন।
তিনি জানান, জবি সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য ড. হাবিবুর রহমানকে প্রধান করে ওই তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- জবি আইন অনুষদের ডিন অধ্যাপক সরকার আলী আক্কাস, লাইফ অ্যান্ড আর্টস অনুষদের ডিন অধ্যাপক হাসনা হেনা, আ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের চেয়ারম্যান অধ্যা্পক আলী নূর, মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জাকারিয়া।
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে পুরান ঢাকার ইসলামপুর এলাকায় দখলকৃত তিব্বত হলের সামনে জবি শিক্ষার্থীরা বিক্ষোভ করলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। পুলিশের রাবার বুলেটে এক শিক্ষকসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টাধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এরপর বিকালে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর গুলি চালানোর ঘটনায় লালবাগ বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামানের অপসারণে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আক্কাস বলেন, “শিক্ষক সমিতির বৈঠকে শিক্ষার্থীদের হল পুনরুদ্ধারের আন্দোলনে সংহতি জানানো হয়েছে।”
ছাত্রদের সঙ্গে শিক্ষক সমিতিও এ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি।
এদিকে হল পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা তাৎক্ষণিকভাবে দিলেও পরে সেই অবস্থান থেকে সরে এসেছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমাদের ক্লাস-পরীক্ষাও চলবে, আন্দোলনও চলবে।”
‘তিব্বত হল’ দখলমুক্ত করতে চলতি মাসের শুরু থেকে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা, যে ছাত্রাবাসটি ঢাকা-৭ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম ২০০০ সাল থেকে দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
