২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু, আদিবাসী ভোটাররা ‘নির্ভয়’ ছিল: ইডব্লিউজি

প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে সংখ্যালঘু ও আদিবাসী ভোটারদের ভয় দেখানোর ঘটনা খুঁজে পায়নি ২৯টি বেসরকারী পর্যবেক্ষণ সংস্থার সমন্বিত গ্রুপ ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 10:51 PM

Updated : 22 Aug 2022, 05:45 PM

শনিবার ইডব্লিউজি’র এক বিবৃতিতে বলা হয়, ভ্রাম্যমাণ পর্যবেক্ষকরা সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ভোটকেন্দ্রের বাইরে মোট ১১টি সহিংসতার ঘটনা পেয়েছে।

গ্রুপের পরিচালক আব্দুল আলীম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “তবে সংখ্যালঘু ও আদিবাসী ভোটারদের ভয় দেখানোর কোন ঘটনা ইডব্লিউজির পর্যবেক্ষকদের নিকট পরিলক্ষিত হয়নি।”

দেশের ৪০ জেলার ৯৭ উপজেলায় প্রথম দফায় ভোট হয় বুধবার।

নির্বাচন কমিশন বলছে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, যাতে এতে ৬২ শতাংশের বেশি ভোট পড়েছে।

বিবৃতিতে বলা হয়, ইডব্লিউজি’র পর্যবেক্ষকরা নির্বাচনী আইনের পরিপন্থী ১৭টি ঘটনা লিপিবদ্ধ করেছেন, যেখানে ভোটারদেরকে ভোটকেন্দ্রে আনা-নেয়ার জন্য প্রার্থীর পক্ষ থেকে যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।

আগামী ২৭ ফেব্রুয়ারি ১১৭টি, ১৫ মার্চ ৮৩টি, ২৩ মার্চ ৯৩টি এবং ৩১ মার্চ ৭৪ উপজেলায় ভোট হবে।

প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করতে ৯৭টি উপজেলার মধ্যে ২৫টিতে মোট দুই হাজার পঁয়ত্রিশ জন পর্যবেক্ষক নিয়োগ করে ইডব্লিউজি।

ইডব্লিউজি বলছে, বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ছাড়া উল্লেখযোগ্যসংখ্যক ভোটারের অংশগ্রহণের মাধ্যমে প্রথম পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচন অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।

“ভোটগ্রহণ কার্যক্রম দক্ষ ও পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে যথাযথভাবে সম্পন্ন হয়েছে। ভোটারগণ যথাযথ নিয়ম অনুযায়ী তাদের ভোট প্রদান করতে সক্ষম হয়েছে। পর্যবেক্ষণকৃত ভোটকেন্দ্রসমূহে ভোটপ্রদানের গড় হার ৫৯.১৯ শতাংশ।”

ভোটকেন্দ্রের ভেতরে ২০টি সহিংস ঘটনা পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছে ইডব্লিউজি, যেখানে ভোট কেন্দ্র দখল ও জালভোট দেয়ার চেষ্টার কারণে গোলযোগ হয়েছিল।