২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের টাকা লুট, সোহেলসহ ৫ জন রিমান্ডে

কিশোরগঞ্জে সুড়ঙ্গ তৈরি করে সোনালী ব্যাংকের ভল্ট থেকে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার  হাবীব ওরফে সোহেল রানাসহ পাঁচ জনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 07:08 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন তাদের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

সোহেলকে আটদিন, তার ভাই ও সহযোগী ইদ্রিছ মুন্সী, স্ত্রী মহিমা খাতুন, সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার পিয়ন আবু বক্কার এবং ট্রাকের সহকারী আলমগীরকে পাঁচদিন করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়ার আদেশ দেন বিচারক।

মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাব-১৪ এর এএসপি রাজিব কুমার দেব আসামিদের ১০দিন করে হেফাজতে চাইলে শুনানি শেষে বিচারক সোহেলকে আটদিন এবং বাকিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ জানুয়ারি দুপুরে সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা সংলগ্ন একটি বাড়ির একটি কক্ষের ভিতর থেকে ব্যাংকের ভল্ট পর্যন্ত আনুমানিক ২২ ফুট দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। পরে ভল্টের টাকা গোনার পর ১৬ কোটি ৪০ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরে পড়ে।

দুদিন পর ঢাকার শ্যামপুরের একটি বাসা থেকে সোহেল ও ইদ্রিছকে ১৬ কোটি ১৯ লাখ টাকাসহ গ্রেপ্তার করে র‌্যাব।

একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি হাই কোর্টের এক আদেশে মামলার তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়। এর আলোকে র‌্যাব-১৪ এর কাছে মামলার যাবতীয় কার্যক্রম হস্তান্তর করে কিশোরগঞ্জ পুলিশ।