২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 10:53 AM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বনপাড়া মহাসড়ক পুলিশ কেন্দ্রের এসআই আব্দুস সামাদ জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে কয়েনবাজার এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

নিহত ট্রাক চালক সারোয়ার হোসেনের (৫০) বাড়ি ঝিনাইদহ জেলার হরিপুরে।

অন্য ট্রাকের চালকের সহকারী আলাউদ্দিন হোসেন (২০) ও আরোহী মিতা খাতুনকে (১৫) আহত অবস্থায় বনপাড়া পাটোয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে আলাউদ্দিনের বাড়ি যশোর কোতোয়ালি থানার এরান্দা গ্রামে। আর মিতার বাড়ি শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামে। মিতা, তার বোন ও মা বকুল বেগম ওই ট্রাকে করে ঢাকা থেকে যশোর যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

মিতার বরাত দিয়ে এসআই সামাদ জানান, ওই ট্রাকটি ঢাকা থেকে বেনাপোল যাচ্ছিল। আলাউদ্দিনকে চালাতে দিয়ে ওই ট্রাকের চালক ঘুমাচ্ছিলেন। এক পর্যায়ে তন্দ্রার মধ্যে আলাউদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় এক ট্রাকের চালক সারোয়ার ঘটনাস্থলেই মারা যান। অন্য ট্রাকের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

এসআই সামাদ বলেন, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।