পাবনায় বিএনপি চায় সেনাবাহিনী
পাবনার সুজানগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে বিএনপির আনা আচরণ বিধি লংঘনসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পায়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
নানান অভিযোগ তুলে বিএনপি পৌর এলাকার ও ভায়না ইউনিয়নের সব কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে।
পাবনার সাঁথিয়া, আটঘরিয়া ও সুজানগর উপজেলায় বুধবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এর আগের দিন দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি নেতারা দাবি করেন সুজানগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আচরণ বিধি লংঘন করছেন। এছাড়াও বিভিন্ন অভিযোগ আনেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, সুজানগরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কাশেমের লোকজন তাদের সমর্থিত প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নুর লোকজনকে হাটখালী এলাকায় গত সোমবার সন্ধ্যায় মারধর করে।
একই সময়ে তারা নির্বাচনী অফিস ও প্রতীক ভাংচুরও করে।
এছাড়া ভোটারদেরকে মোবাইল ফোনে হুমকি, পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ আনেন তারা।
তারা জানান, বিষয়টি মৌখিকভাবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার জানালেও তিনি কোন পদক্ষেপ নেননি।
এ প্রসঙ্গে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, “এ ধরনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।”
বিএনপির এসব অভিযোগের কোন সত্যতা পায়নি বলেও তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিএনপির দাবি করা এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন একক প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপিসহ ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হলেন জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীর আলম, সোলায়মান হোসেন, এএসএম শরিফুল ইসলাম সোহেল, শহিদুল ইসলাম, আসাদ্দুজ্জামান নান্নু।
মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা পারভীন নীলা , মেহেরুন নেছা, তহমিনা খাতুন তহুরা।
সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম।
অন্যদিকে বিএনপি দলীয় তৃণমূল ভোটে মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিউল ইসলাম, জালাল উদ্দিন, শহিদুল ইসলাম দায়েন, জিয়াউর রহমান, মোহাম্মদ আলী জিন্না, সিদ্দিকুর রহমান, মোফাজ্জল হোসেন, আশরাফুল আলম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সুফিয়া খাতুন শোভা, আজমেরী সুলতানা পলি, লাভলী আক্তার।
সাঁথিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হলেন কাশিনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর এলাহী।
তবে আওয়ামী লীগের সাবেক উপজেলা সেক্রেটারি এবং পরপর তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান বিএনপির সমর্থিথ চেয়ারম্যান প্রার্থী।
উপজেলা বিএনপির সদস্য সালাহ উদ্দিন খান এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হকও নির্বাচনে দাঁড়িয়েছেন। এদের দল থেকে সাময়িক বহিষ্কার করেও অভ্যন্তরীণ কোন্দল নিরসন করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
অপরদিকে জামায়াতের প্রার্থী ধূলাউড়ি ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফ আলী, বাবুল মিয়া, আশিক ইকবাল রাসেল, সামছুল আলম, আবু তালেব।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেলিমা রহমান, হাসিনা খাতুন, তহমিনা পারভীন, আঞ্জুয়ারা পপি।
