২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সর্বহারার নামে নির্বাচন বিরোধী পোস্টার

নাটোরের সিংড়া উপজেলায় নির্বাচনের একদিন আগে দেয়ালে চরমপন্থী সংগঠনের নামে পোস্টার ও পত্রিকা লাগানোর পর জনমনে আতংক দেখা দিয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 06:33 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

সোমবার গভীর রাতে ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম ও তাড়াই বেলঘরিয়া বাজারসহ চলনবিলের বিভিন্ন এলাকায় বাড়িঘর ও দোকানের দেয়ালে পূর্ববাংলা সর্বহারা পার্টির নামে দেয়ালে কয়েকশ পোস্টার ও ‘গণযুদ্ধ’ নামের পত্রিকা সাঁটানো হয়।

তবে পুলিশ প্রশাসন বলছে, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

পোস্টারে লেখা হয়েছে উপজেলা চেয়ারম্যান নয়, এমপি নয়, শ্রমিক কৃষক দরিদ্র ও সাধারণ মাধ্যবিত্তদের হাতে ক্ষমতা চাই! বর্তমান হাসিনা সরকারের শাসন পদ্ধতি ভারতীয় আধিপত্যে মার্কিনের দালালি নির্ভর নয়ারূপের বাকশালী স্বৈরতন্ত্র।

পোস্টরে দেশব্যাপী গণযুদ্ধ গড়ে তোলার আহবানও জানানো হয়।

পোস্টারের নিচে পূর্ব বাংলার সর্বহারা পার্টি (সিসি) উত্তরাঞ্চল শাখা, ফেব্রুয়ারি/২০১৪ লেখা রয়েছে।

এছাড়া ‘গণযুদ্ধ’ পত্রিকার শিরোনাম দেয়া হয়েছে ‘নির্বাচনে কেন মুক্তি নেই, বিপ্লব কেন প্রয়োজন’।

পত্রিকা আরো রয়েছে, দেশবিরোধী টিকফা চুক্তি প্রত্যাখ্যান করুন! মার্কিন দালাল বুর্জোয়া শাসক শ্রেণি ও শেখ হাসিনা সরকারের দেশদ্রোহী চরিত্রকে উম্মোচন করুন!

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন। একদিন আগে সর্বহারাদের এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেলঘরিয়া বাজারের এক ব্যবসায়ী বলেন, সর্বহারা অধ্যুষিত এই এলাকায় এমনিতেই তারা ভয়ে ভয়ে থাকেন। এখন নির্বাচনের আগ মুহূর্তে এই তৎপরতায় তারা ভোট দিতে যেতেও ভয় পাচ্ছেন।

বাজারের অনেক ব্যবসায়ী এখন থেকেই দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।

এ ব্যাপারে সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম পোস্টার লাগানোর কথা স্বীকার করে বলেন, কে বা কারা এ কাজ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এটা নিয়ে আতংকিত হওয়ার কিছু নাই।

“আমরা ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার কথা ভাবছি,” বলেন তিনি।