২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব হত্যা: পলাতক রানাকে গ্রেপ্তারে পরোয়ানা

গণজাগরণ মঞ্চের কর্মী ও স্থপতি আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে পলাতক শিবির নেতা রেজওয়ানুল আজাদ রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 12:49 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

অভিযোগপত্র জমা পড়ার ২০ দিনের মাথায় ঢাকার মহানগর হাকিম সাবরিনা আলী মঙ্গলবার এই আদেশ দেন।

আসামি রানাকে গ্রেপ্তার করা হলো কি না- সে বিষয়ে আগামী ২০ মার্চ তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আহমেদ রাজীব হায়দার

আহমেদ রাজীব হায়দার

আহমেদ রাজীব হায়দার

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের মধ্যেই গতবছর ১৫ ফেব্রুয়ারি মিরপুরের কালসীতে খুন হন রাজীব। ঘাতকরা এই নবীন স্থপতিকে তার নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করে, যিনি ইন্টারনেটে লেখালেখির মাধ্যমে ধর্মীয় উগ্রবাদীদের মুখোশ উন্মোচনে সক্রিয় ছিলেন।

হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ২৯ জানুয়ারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী ও উগ্রপন্থী সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ।

মুফতি জসীম ছাড়া অভিযোগপত্রভুক্ত বাকি সাত আসামি হলেন- নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র  ফয়সাল বিন নাইম ওরফে দীপ (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসান রেজা রুম্মান (২৩), নাঈম সিকদার ইরাদ (১৯), নাফিস ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০) ও রেজওয়ানুল আজাদ রানা।

এদের মধ্যে শিবির নেতা রানা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয় অভিযোগপত্রে।

আসামিরা পরস্পর যোগসাজশে ব্লগার রাজীবকে হত্যা করেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

রাজীব হত্যা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র