গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান
গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে কয়েকশ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সদরচালা ও ভান্নারা ধোপাচালা এলাকায় সোমবার এ অভিযান চালোনো হয়।
কালিয়াকৈর উপজেলার ভান্নারা ধোপাচালা থেকে রাখালিয়াচালা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ টানা ছিল। ওই পাইপের সংযোগস্থল আবতাব গার্মেন্টের পাশে দুটি স্থানের সংযোগ পাইপ বিচ্ছিন্ন করে দেয় তিতাসের কর্মকর্তারা।
সোমবারের ওই অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজা রোমান, তিতাসের চন্দ্রা জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী আখেরুজ্জামান, ডেপুটি ম্যানেজার তোয়াব হোসেন প্রমুখ।
বদরুদ্দোজা রোমান বলেন, অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে। এসব সংযোগে দিতে যারা টাকা পয়সা নিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
