২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ার প্রশাসনিক ভবনে ভংচুর শিক্ষার্থীদের

দ্রুত বঙ্গবন্ধু ছাত্র হল চালুর দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাংচুর করেছে একদল শিক্ষার্থী।  

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 07:07 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার দুপুরে এ ঘটনার জন্য কর্তৃপক্ষ ছাত্রলীগকে দায়ী করলেও সংগঠনটি এ অভিযোগ অস্বীকার করেছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্য তার কক্ষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছিলেন।

বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল নেতাকর্মী ছাত্রহল চালুর দাবিতে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের দোতলায় প্রবেশ করে।

এক পর্যায়ে তারা পাঁচটি কক্ষের দরজা-জানালা, চেয়ার-টেবিল, আসবাবপত্র, দুটি কম্পিউটার এবং উপাচার্যের কক্ষের দরজা ভাংচুর করে। পরে শ্লোগান দিতে দিতে চলে যায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ময়নুল আজাদ বলেন, ছাত্রদের আবাসিক হলের (বঙ্গবন্ধু হল) নির্মাণ কাজ শেষ। এখন বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। ১০-১৫ দিনের মধ্যে কাজ শেষ হলে হলটি চালু করা হবে। এনিয়ে ভাংচুরের ঘটনা দুঃখজনক।

উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী বলেন, “ঘটনার সময় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে মিটিং করছিলাম। পরে বিষয়টি শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

তবে, অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়। সাধারণ শিক্ষার্থীরা ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।”

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুননেসা নামে ছাত্রীদের একটি হল গত বছর চালু করা হলেও ছাত্রদের কোনো আবাসিক নেই।