গাজীপুরে দুর্ঘটনায় নারী নিহত
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের গাড়ি উল্টে এবং বাস উল্টে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন দুই পুলিশসহ অন্তত ১০ জন।
পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় এবং তার এক ঘণ্টা আগে কালিয়াকৈরের চন্দ্রা হরতকিচালা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
রাতের দুর্ঘটনায় নিহত মরিয়ম বেগম (৫০) রাজশাহীর চারঘাট উপজেলার নাওদারা গ্রামের খালিলুর রহমানের স্ত্রী।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, আহত দুই পুলিশ সদস্যের নাম- তাজুল ইসলাম ও রেফায়েত উল্লাহ।
এদের মধ্যে তাজুল মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন আর রেফায়েতের ডানহাত ভেঙে গেছে। তাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও রেফায়েতকে ঢাকার ‘জাতীয় পক্ষাঘাত ও পূনর্বাসন কেন্দ্রে’ (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে পুলিশের টহল গাড়িটি টঙ্গী থানার দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি কভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তা রাস্তার পাশে উল্টে যায়।
এর আগে কালিয়াকৈরে রাতের অন্ধকারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী আব্দুল্লাহ পরিবহনের বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা রাস্তার পাশে পড়ে যায়। এ সময় বাসের মধ্যে লোহার একটি খুটির সঙ্গে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান মরিয়ম।
এতে অন্তত আরো আট যাত্রী আহত হয় বলে জানিয়েছেন কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মো. আলমগীর সিদ্দীক।
তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
