নড়াচড়া করে অন্যদিকে যান: মায়া
চাঁদপুরে সরকারি দপ্তরগুলোর অব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া চৌধুরী) বলেন, “যারা অনেক দিন ধরে এখানে আছেন তারা নড়াচড়া করে অন্যদিকে যান।
“এই জায়গার চেয়ে অনেক সুন্দর জায়গা আছে, সেখানে যান। স্বাস্থ্য ভালো থাকবে, অভিজ্ঞতা বাড়বে।”
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাংসদ ডা. দীপু মনি, সাংসদ ড. মো. শামসুল হক ভূঁইয়া ও অন্যরা।
অবৈধ বালু উত্তোলন ও সেতুর টোল বন্ধের দাবি
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া চাঁদপুরকে বালু সন্ত্রাস থেকে মুক্ত করার আহআবন জানান।
তিনি বলেন, “বালু সন্ত্রাস থেকে চাঁদপুরবাসী মুক্তি চায়।
“মেঘনা নদী থেকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে অবাধে একদল লোক বালু উত্তোলন করছে। তারা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরের সাথে প্রতারণা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
সভায় দীপু মনিসহ কয়েকজন ২৫০ শয্যার হাসপাতালে বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সভায় নিজের জেলার এই ২৫০ শয্যার হাসপাতালে সিসি, আইসিইউসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন ত্রাণমন্ত্রী।
এছাড়া চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের বিষয়ে জেলা প্রশাসক জানান, আগামী বছর থেকে এই সেতুতে কোনো টোল থাকবে না।
