নারায়ণগঞ্জে কোস্টগার্ডের ট্রলারে ‘নৌদস্যুর’ হামলা
নারায়ণগঞ্জের বক্তাবলীতে কোস্টগার্ডের আটক করা জাটকাবাহী ট্রলারে ‘নৌদস্যুর’ হামলার ঘটনা ঘটেছে।
কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে বুড়িগঙ্গা নদীতে এ ঘটনার সময় দেশীয় অস্ত্র ও নৌকাসহ একজনকে আটক করা হয়েছে।
আটক ইসমাইল হোসেন গোপালগঞ্জের বলতৈল গ্রামের বাসিন্দা।
হাসানুর রহমান বলেন, ভোর সাড়ে ৪টার দিকে কোস্টগার্ডের একটি দল ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি কিং সম্রাট ও এমভি জামাল-৩ তল্লাশি চালিয়ে আটশ’ কেজি জাটকা আটক করে।
“জব্দ জাটকা একটি ইঞ্জিন চালিত ট্রলারে নিয়ে ফেরার পথে বুড়িগঙ্গা নদীর বক্তাবলী এলাকায় ডাকাতরা হামলা করে। তবে পেছনে কোস্টগার্ডের টহল দলের উপস্থিতি টের তিনজন নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।”
এ সময় ইসমাইলকে আটক করা হয় এবং তাদের নৌকা থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড কর্মকর্তা জানান।
