বাসে ধর্ষণ: চালক ও সহকারীর যাবজ্জীবন
মানিকগঞ্জে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণের দায়ে চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এ কে এম মোস্তফা দেওয়ান বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।
মামলার দুই আসামি বাসচালক দিপু মিয়া (৩০) ও তার সহকারী কাশেম মিয়াকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার, অনাদায়ে আরো ৩ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া আরেকটি ধারায় দিপুকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক।
মামলার দুই আসামিই বর্তমানে কারাগারে।
গত বছরের ২৪ জানুয়ারি দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদরে চলন্ত বাসে এক পোশাক শ্রমিক (১৯) ধর্ষণের শিকার হন। বাসচালক দিপু তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে তার সহকারী কাসেম ওই তরুণীকে ধর্ষণ করেন।
ওইদিন বিকালে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। মানিকগঞ্জ সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা হয়।
ঘটনার রাতেই দিপু ও কাশেমের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই তরুণী।
পুলিশ সেদিনই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দিপুকে এবং রাতে ঢাকার আশুলিয়ার নবীনগর থেকে কাশেমকে গ্রেপ্তার করে।
পরদিন ২৫ জানুয়ারি তারা দুজনেই আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ৮ ফেব্রুয়ারি আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
বাসচালক দিপু মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার গুরকি গ্রামের আতরাফ হোসেনের এবং সহকারী কাশেম মিয়া (২৭) একই উপজেলার দুলাপাড়া গ্রামের বিন্দু মিয়ার ছেলে।
