Published : 12 Feb 2014, 10:07 PM
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে ওই বিস্ফোরণে দুই সেনা সদস্য ও তিন বিজিবি সদস্য নিহত হন, আহত হন আরো ১১ জন।
নিহতরা হলেন- সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জু (৩৫) ও ২০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার পারভেজ (৪৬) এবং ৩ বর্ডারগার্ড ব্যাটালিয়নের সদস্য ল্যান্স নায়েক মোহাম্মদ আলী, সিপাহী আবু সুফিয়ান ও একরামুল হক।
এই দিন এক শোক বাণীতে প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা দেয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এদিকে বিস্ফোরণে আহতদেরকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে ঘাটাইল থানার ওসি ফজলুল কবীর জানিয়েছেন।
বিজিবি জনসংযোগ কর্মকর্তা মুহসিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘাটাইলের সামরিক প্রশিক্ষণ এলাকায় বিজিবির বার্ষিক প্রশিক্ষণণে ভারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ওই দুর্ঘটনা ঘটে।