কালিয়াকৈরে কারখানায় খাবারে অসুস্থ দুইশ’ শ্রমিক
গাজীপুরের কালিয়াকৈরে এক টেক্সটাইল কারখানায় রাতে খাবার খেয়ে দুই শতাধিক শ্রমিকের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৮টার দিকে মৌচাক নূরবাগ এলাকায় পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম।
অসুস্থ ৮০ জন শ্রমিককে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আরো অনেক শ্রমিককে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হন শ্রমিকরা।
তবে চিকিৎসার পর রাতেই অনেক শ্রমিককে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় বলে জানান তিনি।
সদর হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে তাদের টিফিন হিসেবে পেটিস ও সেদ্ধ ডিম দেয়া হয়। এসব খাওয়ার আধাঘণ্টা পর কয়েকজন শ্রমিকের বমি শুরু হয় ও খিঁচুনি দেখা দেয়।
এরপর একে একে অসুস্থ হতে শুরু করেন শ্রমিকরা, বলেন তারা।
পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থদের দ্রুত গাজীপুর সদর হাসাপাতাল, কোনাবাড়ি, মৌচাকসহ আশপাশের কয়েকটি ক্লিনিকে পাঠায়।
করিম টেক্সটাইলের ফ্লোর ইনচার্জ কাজল মিয়া জানান, তাদের কারখানায় রুবেল নামের এক ঠিকাদার খাবার সরবরাহ করেন। ওই খাবার খেয়েই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।
