২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়ের হত্যা: ৬ আসামির জামিন বাতিলের শুনানি বৃহস্পতিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার ৬ আসামির জামিন বাতিলের আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 07:07 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বুধবার এই শুনানি হওয়ার কথা থাকলেও আসামিদের আইনজীবীরা সময় চাইলে বৃহস্পতিবার  নতুন তারিখ দেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এবিএম নিজামুল হক।

একইদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও বর্তমানে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. ফরহাদ হোসেনের সাক্ষ্যও নেয়া হবে।

বুধবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মামলার নবম সাক্ষী পুলিশ কনস্টেবল মো. আরজু মিয়া। পরে তাকে জেরা করেন আসামিদের আইনজীবীরা।

গত ১৯ জানুয়ারি জুবায়ের হত্যার দ্রুত বিচারের দাবিতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ নাজমুল হোসাইন এবং রাজীবুল ইসলামকে আদালত সংলগ্ন জনসন রোডে হত্যার  হুমকি দেয় মামলার ৬ আসামি। নাজমুল এ বিষয়ে কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।

পরে ৬ ফেব্রুয়ারি ৬ আসামির জামিন কেন বাতিল করা হবে না তার কারণ দর্শাতে বলেন বিচারক।

৬ আসামি হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্র আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রইস, জাহিদুল ইসলাম, দর্শন বিভাগের ইশতিয়াক মেহবুব অরূপ এবং রাশেদুল ইসলাম রাজু, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম ।

প্রায় দুই বছর আগের এ হত্যা মামলায় ৩৭ জনের মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৯ জন।

২০১২ সালের ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের হামলায় নিহত হন আরেক পক্ষের কর্মী ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র জুবায়ের।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নিবন্ধক হামিদুর রহমান আশুলিয়া থানায় মামলা করেন। ২০১২ সালের ৮ এপ্রিল ৩৭তম ব্যাচের ১৩ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ।

আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু, প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রিয়াজ, জাহিদ হাসান, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইশতিয়াক মেহবুব অরূপ, রাশেদুল ইসলাম রাজু, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান, মাজহারুল ইসলাম, অনুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু এবং লোকপ্রশাসন বিভাগের নাজমুল হাসান প্লাবন।

ওই হত্যার ঘটনার পর খুনিদের মদদদাতা হিসেবে তৎকালীন উপাচার্য অধ্যাপক শরিফ এনামুল কবীরের বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় উপাচার্যকে।

পিবি/ এএইচএস/ ১৭২৯ ঘ.