গাজীপুরে যুবককে গলাকেটে হত্যার চেষ্টা
গাজীপুরের চান্দনা এলাকায় এক যুবককে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে হামলার শিকার ওই যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে পুলিশ জানিয়েছে।
চান্দনা হাইস্কুল অ্যান্ড কলেজের হিসাব রক্ষক জালাল উদ্দিন বলেন, চান্দনায় ভগ্নিপতি হাজী আব্দুল মোতালেব মিয়ার বাড়ির পূর্বপাশের একটি রাস্তায় রাত ১টার দিকে গলাকাটা ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী স্থানীয় কাউন্সিলর ফারুক হোসেন ও জয়দেবপুর থানা পুলিশকে জানায়।
পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভোগড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. শাহীন মিয়া বলেন, দুর্বৃত্তরা ওই যুবককে স্থানীয় মতিউর রহমানের বাড়ির উত্তর পাশে খোলা জায়গায় জবাই করে হত্যার চেষ্টা চালায়। এতে তার শ্বাসনালী কেটে গেছে।
“গলাকাটা অবস্থায় দৌঁড়ে পালানোর সময় পাশের রাস্তার উপর গিয়ে পড়ে যায়। পরে তার গোঙানির শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”
খয়েরি রংয়ের প্যান্ট পরা ওই যুবকের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও কালো রঙের একটি জামা উদ্ধার করেছে।
