সাতক্ষীরায় পুলিশের গুলিতে ‘গাড়ি ছিনতাইকারী’ নিহত
সাতক্ষীরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ একজন নিহত ও একজন আহত হয়েছেন।
পুলিশের দাবি, হতাহতরা ‘গাড়ি ছিনতাইকারী’ দলের সদস্য। তারা ঢাকা থেকে এক সেনা কর্মকর্তার স্ত্রীর প্রাইভেটকার ছিনতাই করে সাতক্ষীরায় নিয়ে এসেছিল।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন জানান, বুধবার ভোরের দিকে উপজেলার চালতেতলা এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।
নিহত একরামুল্লাহ বাবু (৪০) শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা। আহত শহিদুল ইসলামের (৩০) বাড়ি শহরের মধুমোল্লারডাঙ্গি এলাকায়। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় ছিনতাই হওয়া একটি গাড়ি সাতক্ষীরায় আনা হচ্ছে- এমন খবর পেয়ে শহরে টহল বাড়ানো হয়। শেষ রাতে পুলিশের একটি দল চালতেতলা এলাকায় ওই গাড়িটি দেখে থমার সংকেত দেয়। কিন্তু গাড়ির ভেতর থেকে এ সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার পাশাপাশি গুলি চালানো হয়।
এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ওই গাড়িতে থাকা বাবু ও শহিদুল গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেয়া হলে ভোরের দিকে বাবুর মৃত্যু হয়।
গুলিবিনিময়ের সময় মাহবুব নামে এক পুলিশ কনস্টেবল আহত হন বলেও জানান তিনি।
কালো রংয়ের টয়োটা করোলা প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে রয়েছে জানিয়ে ওসি বলেন, এর মালিক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুকের স্ত্রী সানজানা জেরিন। সম্প্রতি ঢাকার রজনীগন্ধা আবাসিক এলাকা থেকে গাড়িটি ছিনতাই হয়।
এ ঘটনায় সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
