চট্টগ্রামে ব্যবসায়ী অপহৃত
বন্দরনগরীর কোতোয়ালি থানার কে সি দে সড়ক এলাকা থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনার পর বিকালে অপহৃত ব্যবসায়ীর ভাই বাদি হয়ে থানায় অপহরণ মামলা করেছেন।
ওই ব্যবসায়ীর নাম মৃদুল চৌধুরী। তিনি হাজারী গলির মেসার্স মৃদুল জুয়েলারির মালিক। তার বাসাও হাজারী গলির প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাশে।
সকালে বাসা থেকে বেরিয়ে সংলগ্ন কে সি দে সড়কে উঠতেই মৃদুলকে অপহরণ করা হয় বলে পরিবারের অভিযোগ।
মৃদুলের ভাই মামলার বাদি শিমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে বাসা থেকে বের হওয়ার পরই একটি কালো রঙের ভক্সি মাইক্রোবাসে থাকা কয়েকজন লোক পিস্তল তাক করে আমার ভাইকে তুলে নিয়ে যায়।”
স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শিমুল বলেন, “অস্ত্রধারীরা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়েছেন।”
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ১১টায় এ খবর পেয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। তবে মাইক্রোবাসটির কোনো হদিস পাওয়া যায়নি।
র্যাব পরিচয়ে মৃদুলকে অপহরণ করার অভিযোগের বিষয়ে পুলিশ কর্মকর্তা মনজুর মোরশেদ বলেন, “এ বিষয়ে অপহৃতের পরিবারের সদস্যরা আমাদের কিছু জানাননি।”
কোতোয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিমুল চৌধুরীর করা মামলায় অপহরণকারী হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি।
