টাকা উত্তোলনের পর ব্যবসায়ী ‘নিখোঁজ’
নীলফামারীর জলঢাকা উপজেলায় সোমবার দুপুরে ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে এক ব্যবসায়ী ‘নিখোঁজ’ হয়েছেন।
স্বজনদের ধারণা, টাকার জন্য নূর আলম (৪০) নামের এই ধান ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় নূর আলমের ভাই জলঢাকা থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-৪৮০) করেছেন।
নূর আলম নীলফামারীর ডিমলা উপজেলার জাড়জিগা গ্রামের রফিজুল ইসলামের ছেলে।
নূর আলমের ছোটভাই ওমর ফারুকের জানান, সোমবার দুপুরে জলঢাকা শাখা ইসলামী ব্যাংক থেকে ২ লাখ ৮১ হাজার টাকা উত্তলন করে নূর আলম জলঢাকা ট্রাফিক মোড়ে আসার পথে নিখোঁজ হন।
তার কাছে থাকা টাকা ছিনতাই করার জন্য দুস্কৃতকারীরা তাকে অপহরণ করেছে বলে ধারণা করছেন তিনি।
এ ব্যাপারে নূর আলমের সঙ্গে ব্যাংকে থাকা এক সঙ্গী রনজিত কুমার রায় (৪২) জানান, নূর আলম ব্যাংক থেকে আগে বের হয়ে ডিমলা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। কথা ছিল সেখানে গিয়ে তিনি রনজিতের জন্য অপেক্ষা করবেন। কিন্তু সেখানে গিয়ে তিনি নূর আলমকে খুঁজে পাননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
এরপর তিনি নূর আলমের পরিবারকে খবর দেন এবং স্বজনদের সঙ্গে তিনিও জলঢাকার বিভিন্ন জায়গায় খোঁজ করেন।
জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিডি হওয়ার পরপরই ঘটনাস্থল পরির্দশন করে আশপাশের থানায় সংবাদ দেওয়া হয়েছে। তাকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
