২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হরিনাম সংকীর্তন’ নির্বিঘ্ন করার নির্দেশ

নেত্রকোনার মোহনগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘হরিনাম সংকীর্তন’ নির্বিঘ্ন করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 07:35 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে দেওয়া এই আদেশ স্থানীয় প্রশাসনকে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একইসঙ্গে ওই উৎসব বন্ধের নির্দেশ দেয়ায় মোহনগঞ্জ থানার উপপরিদর্শক বোরহান উদ্দিনকে ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে।

রুলে ওই উৎসব বন্ধের নির্দেশ কেন বেআইনী ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে হাই কোর্ট।

দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, নেত্রকোনার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই বোরহার উদ্দিনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘মোহনগঞ্জে দারোগার নির্দেশে হারিনাম সংকীর্তন উৎসব বন্ধ’ শিরোনামে দৈনিক আমাদের সময়ের সোমবারের একটি প্রতিবেদন আইনজীবী কুমার দেবুল দে আদালতের নজরে আনলে এই আদেশ আসে। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশগ্রহণ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

ওই প্রতিবেদনে বলা হয়, মোহনগঞ্জ পৌর শহরের আখড়া রোডে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ জিওর আখড়ায় ৭ দিনব্যাপী হরিনাম সংকীর্তন উৎসবের চতুর্থ দিন ছিল শনিবার। রাতে উৎসবস্থলে এসে মোহনগঞ্জ থানার দারোগা বোরহান উদ্দিন তা বন্ধ করার নির্দেশ দেন।

কুমার দেবুল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্ধের নির্দেশদাতা পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা ২৪ ফেব্রুয়ারির মধ্যে আদালতকে জানানোর নির্দেশও রয়েছে রুলে।

“এই আদেশ তাৎক্ষণিকভাবে জেলার এসপিকে ফোনে, অন্য বিবাদিদের ফ্যাক্সের মাধ্যমে জানানোর জন্য ব্যবস্থা নিতে ওই আদালতের সরকারি আইন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।