‘ব্ল্যাকমেইলিংয়ের প্রতিশোধ হত্যাকাণ্ডে’
রাজধানীর দক্ষিণ কাফরুলে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রফিকুজ্জামান বাচ্চুকে গলাকেটে হত্যার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার ফারহানা মিষ্টি (২৫) পুলিশকে জানিয়েছেন, তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেইল করার কারণে বাচ্চুকে হত্যা করেন তিনি।
গত ৩১ ডিসেম্বর সকালে দক্ষিণ কাফরুল এলাকায় ভাড়া বাসা থেকে বাচ্চুর হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত বাচ্চু বনানীর একটি নিরাপত্তা সেবাদানকারী প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ ছিলেন। তার গ্রামের বাড়ি নড়াইলে। ফারহানা স্বামীর সঙ্গে খিলগাঁওয়ে থাকেন, তার স্বামীর কর্মস্থল গুলশান।
ফারহানার কাছে বাচ্চুর ল্যাপটপ ও মোবাইল ফোন পাওয়া গেছে বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাচ্চুর সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন ফারহানা।
“তাদের মেলামেশার দৃশ্য বাচ্চু ভিডিও করেন। পরে ধারণকৃত ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ফারহানাকে অন্য বন্ধুদের শয্যাসঙ্গী হতে বাধ্য করতেন বাচ্চু।”
ব্ল্যাকমেইলিয়ের’ শিকার হয়ে ফারাহানা একাই এই হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেন বলে গোয়েন্দা কর্মকর্তা সাইফুল জানান।
ফারহানাকে উদ্ধৃত করে এই পুলিশ কর্মকর্তা জানান, গত ৩০ ডিসেম্বর রাতে বাচ্চুর বাসায় গিয়েছিলেন এই নারী। কৌশলে বাচ্চুর হাত-পা বেঁধে ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করার পর গলাকেটে তাকে হত্যা করেন তিনি।
ওই ভবনের পাঁচতলায় বাচ্চু স্ত্রীকে নিয়ে থাকলেও ঘটনার সময় তার স্ত্রী বাসায় ছিলেন না বলেও পুলিশকে জানান ফারাহানা।
