সিরাজগঞ্জের বীরাঙ্গনা জোসনা বেওয়া নেই
রাষ্ট্রীয় সম্মান ছাড়াই চিরবিদায় নিলেন সিরাজগঞ্জের বীরাঙ্গনা জোসনা বেওয়া।
রোববার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ সদরের কোলগয়লা গ্রামে তার মৃত্যু হয়েছে।
দেশের স্বাধীনতার জন্য সম্ভ্রম বিসর্জন দেয়া এই নারীর বয়স হয়েছিল ৬৫ বছর। জোসনার রেখে যাওয়া একমাত্র ছেলেটি বুদ্ধি প্রতিবন্ধী।
বিকালে শহরের পিটিআই মাঠে জানাজা শেষে মালশাপাড়া কবরস্থানে সমাহিত করা হয় জোসনা বেওয়াকে।
তবে বিধান এখনো না হওয়ায় বীরাঙ্গনা হিসেবে রাষ্ট্রীয় সম্মান পাননি তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযোদ্ধাদের সরকারি তালিকায় যাদের নাম রয়েছে, তাদেরই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয় সম্মান কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে সম্প্রতি সরকারের প্রতি রুল জারি করে হাই কোর্ট।
কোলগয়লা গ্রামের প্রয়াত আলাউদ্দিনের স্ত্রী জোসনা বেওয়া একাত্তরে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের খাদ্য তৈরি, অস্ত্র বহনসহ বিভিন্নভাবে সহায়তা করেন বলে জানান উত্তরণ মহিলা সংস্থার পরিচালক সাফিনা লোহানী।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের এক পর্যায়ে সদর উপজেলার বাগবাটি গ্রাম থেকে পাকিস্তানি বাহিনী জোসনাকে ধরে নিয়ে নির্যাতন চালায়।
মৃত্যুর আগ পর্যন্ত জোসনা কোলগয়লা গ্রামে অন্যের বাড়িতে আশ্রিতা হিসেবে থাকছিলেন বলে জানান সাফিনা।
