২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার পরিকল্পনায় ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে রাজশাহীতে সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 02:42 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার রাতে নগরীর রাজপাড়া থানার রায়পাড়া এলাকা থেকে সোনালী ব্যাংকের রেলওয়ে শাখার জুনিয়ার অফিসার আবুল কাশেমকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

এ সময় তার  কাছ থেকে যুদ্ধাপরাধীদের পক্ষে বেশ কিছু প্রচারপত্র পাওয়া যায় বলে মহানগর গোয়েন্দা পুলিশের ওসি সাইদুর রহমান ভুইয়া জানান।

তিনি বলেন,  রোববার বেলা সোয়া ১টার দিকে কাশেমকে মুখ্য মহানগর আদালতে নেয়া হয়। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেয়ার আবেদন করা হয়েছে।

আবুল কাশেম গোদাগাড়ী এলাকার বাসিন্দা। চাকরির কারণে তিনি নগরীর বহরমপুর এলাকায় থাকতেন।

সম্প্রতি তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও অভিযুক্তদের মুক্তির দাবি নিয়ে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলে  তথ্য রয়েছে বলে গোয়েন্দা পুলিশের ওসি সাইদুর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত সাড়ে ৯টার দিকে জামায়াতে ইসলামীর গোপন বৈঠক থেকে ফেরার পথে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের পক্ষে প্রচারণার বেশ কিছু প্রচারপত্র ও যুদ্ধাপরাধী গোলাম আজমের লেখা বেশ কয়েকটি বই পাওয়া যায়।”