২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে জলদস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৫

সুন্দরবনের জলদস্যুদের গুলিতে বরগুনার পাথরঘাটা উপজেলার একটি মাছধরা ট্রলারের এক জেলের মৃত্যু হয়েছে। এছাড়া গুলিতে আহত হন একই ট্রলারের মাঝি ও জেলে মিলে পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 06:28 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার মান্দারবাড়ি এলাকায় এ হামলায় নিহত হন পাথরঘাটার আবু কালামের মাছধার ট্রলার এফবি কাজলের জেলে হাফেজ জোমাদ্দার।

আহত মাঝি আবু কালাম, জেলে দেলোয়ার হোসেন, বাবুল, ওহাব আলী ও মুনসুরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নে।

পাথরঘাটা থানার ওসি জিএম শাহনেওয়াজ এ হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মাঝি আবু কালাম সাংবাদিকদের জানান, গত ২ ফেব্রুয়ারি তারা ট্রলার নিয়ে পাথরঘাটা থেকে সাগরে মাছ ধরতে যান।

পাঁচ দিন সাগরে মাছ ধরে শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের মান্দারবাড়ি নৌবাহিনী সিঁড়ি এলাকায় পৌঁছলে জলদস্যু দল জঙ্গলের ভিতর থেকে ট্রলার লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে।

এ সময় হাফিজের বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দ্রুত ট্রলার চালিয়ে তারা পাথরঘাটায় চলে আসেন।

পাথরঘাটা থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, ঘটনাটি ঘটেছে সাগরের সাতক্ষীরা এলাকায়। লাশ থানায় আনা হয়েছে।

ময়নাতদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সাতক্ষীরার সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে।

নিহতের ভাই কালাম জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে কাঠালতলী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।