৩ জেলা থেকে গাড়ি ছিনতাইকারী চক্রের ১২ জন গ্রেপ্তার
তিন জেলায় অভিযান চালিয়ে গাড়ি ছিনতাইকারী চক্রের ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
তাদের কাছ থেকে দুটি মাইক্রোবাস, চারটি সিএনজি অটোরিকশা, এক শতাধিক চেতনানাশক ওষুধ ও একটি ফ্লাক্স উদ্ধার করা হয়েছে বলে মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা, বরিশাল ও চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বরিশাল ও চট্টগ্রাম থেকে গ্রেপ্তাররা হলেন- শামীম, মিজান, সাইফুল ইসলাম, খলিল মিয়া ও আনোয়ার হোসেন। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তারা হলেন-মো. সুমন (২৮), আল আমিন (২৪), আব্দুস সালাম (৩০), মিজান (২৫), জসিম (২৪), মো. আমির হোসেন (২৭), মো. শাহাদত হোসেন (২২)।
পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, “তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে চায়ের সঙ্গে সিএনজি চালকদের চেতনা নাশক খাওয়ানোর পর তারা সিএনজি ছিনতাই করত।”
তাদের দেয়া তথ্যে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে দুটি সিএনজি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
