২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির সহিংসতার ‘উস্কানিদাতা’ সংবাদে ক্ষুব্ধ দুপক্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফি ও সান্ধ্যকোর্স বন্ধের আন্দোলনে উস্কানিদাতা শিক্ষকদের চিহ্নিত করা নিয়ে একটি দৈনিকে প্রকাশিত সংবাদের দুপক্ষের শিক্ষকরাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 10:29 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার দৈনিক সমকাল ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়: উস্কানিদাতা ৮ শিক্ষক চিহ্নিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার’  শিরোনামে সংবাদ প্রকাশ করে।

গত ২ ফেব্রুয়ারি বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

এ হামলার ঘটনায় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক খালিকুজ্জামানকে প্রধান করে গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সিন্ডিকেট সভায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, ফলিত গণিত বিভাগের অধ্যাপক শামসুল আলম সরকার, সিন্ডিকেট সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন ও কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক।

ওই দৈনিকে তদন্ত কমিটির উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক খালেকুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “তদন্ত কমিটি কেবল প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে।

“আমরা বুধবার কর্মপন্থা নির্ধারণ করে আজ বৃহস্পতিবার ভাঙচুর হওয়া ভবনগুলো পরিদর্শন করেছি মাত্র।

“তদন্ত কমিটিকে উদ্বৃত করে যে সংবাদ দৈনিক সমকালে প্রকাশ করা হয়েছে আমরা তার জোর প্রতিবাদ জানাচ্ছি।”

সমকালে প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যে সমকালে প্রতিবাদ পাঠিয়েছি।”

এছাড়া তদন্ত কমিটির অপর চার সদস্যও সমকালে উদ্ধৃত বক্তব্য তাদের নয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এদিকে, উস্কানিদাতা হিসেবে যাদের নাম জড়িয়ে প্রতিবেদনটি ছাপা হয়েছে তারাও প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেন ব্যবস্থাপণা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক ও দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বকর সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তারা বলেন,  “জাতীয় দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত সংবাদে তদন্ত কমিটিকে উদ্বৃত করে খবরটি পরিবেশিত তা একটি বানোয়াট ও মিথ্যা খবর।

“বুধবারই তদন্ত কমিটির কাজ শুরু করে সেখানে কোন কিছু না জানিয়ে সংবাদ পরিবেশন করা পেশাদারিত্ব সাংবাদিকতার পরিপন্থি।”

বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য প্রকৃত ইন্ধনদাতা কে বা কারা তা চিহ্নিত করার জন্য যথাযথ তদন্ত করার দাবি জানান মলয় ভৌমিক।

এদিকে রাত ৮ টার দিকে ‘ছয় শিক্ষকের বিবৃতি’ শিরোনামে একটি বিবৃতি পাঠান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন।

বিবৃতিতে বলেন, ‘সহিংসতার উস্কানিদাতা’ দেরকে ‘চিহ্নিত’ করার এই অদ্ভুত তদন্ত প্রণালী পুরোপুরি নজিরবিহীন বলে আমরা মনে করি। এই তদন্ত কমিটি বিশেষ মহলের বিশেষ উদ্দেশ্য পূরণের স্বার্থে পূর্বসংজ্ঞায়িত ধ্যানধারণা মোতাবেক অগ্রসর হচ্ছে যা এই তদন্ত কমিটি তাঁদের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা সম্পূর্ণভাবে হারিয়েছে।

উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীসমাজ এবং বর্তমান সরকারের উচ্চতর মহলকে এই ষড়যন্ত্র সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য তিনি অনুরোধ জানান।

বিবৃতিদাতারা হলেন, ড. আবু নাসের (পরিসংখ্যান বিভাগ), কাজী মামুন হায়দার (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), ড. একেএম মাসুদ রাজা (বাংলা বিভাগ), বখতিয়ার আহমেদ (নৃবিজ্ঞান বিভাগ), সুস্মিতা চক্রবর্তী (ফোকলোর বিভাগ) এবং সেলিম রেজা নিউটন (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ)।

যে সংবাদটি নিয়ে এ প্রতিবাদ তার প্রতিবেদক সমকালের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শামীম রহমান বলেন, “আমরা যথাযথ তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করেছি। এখানে তথ্যের কোন বিভ্রাট ছিল না।”

তিনি বলেন, “কমিটির সদস্যর কাছেই আমরা চিহ্তি নামগুলো পেয়েছি। কিন্তু আমার আমাদের সূত্রের নাম প্রকাশ করছি না।”