২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনার বোমা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক শেষ

রমনা বটমূলে বোমা হামলার মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক শুনানির পর আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 09:04 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমিন আগামী ১৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করে আসামি আকবর হোসেনের জামিন বাতিল করেছেন।

উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হলে ১৩ বছর আগের ঘটনার এই মামলার রায়ের তারিখ ঠিক করবেন বিচারক।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে ৯ জন নিহত হন।

পুলিশ উপপরিদর্শক অমল কুমার চন্দের মামলা দায়েরের সাত বছর পর সিআইডির অভিযোগপত্র দাখিল করে। এরপর শুরু হয় বিচারকাজ।

রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক শুনানিতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এসএম জাহিদ হোসেন মামলার এজাহার, রাষ্ট্রপক্ষের ছয় সাক্ষীর জবানবন্দি আদালতকে পড়ে শোনান।

এমামলায় রাষ্ট্রপক্ষে মোট ৬১ জন সাক্ষ্য দেন। মামলায় মোট আসামি ১৪ জন।এর মধ্যে কারাগারে রয়েছেন হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ নয়জন, মাওলানা তাজউদ্দিনসহ বাকিরা পলাতক।

শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ বলেন, “মুফতি হান্নানসহ সব আসামিদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে।”

আসামি আকবর জামিনে মুক্ত থাকায় রাষ্ট্রপক্ষ তাকে কারাগারের পাঠানোর আদেশ চেয়ে আবেদন করলে বিচারক তাতে সায় দেন।

সাত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ ২০০৮ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, হরকাতুল জিহাদের জঙ্গিরা বাংলা নববর্ষের অনুষ্ঠানকে ইসলামবিরোধী বলে চিহ্নিত করে রমনা বটমূলে হামলার পরিকল্পনা নেয়। বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন বিস্ফোরক সরবরাহ করেন।