রাজধানীতে মাদক বিক্রেতাকে কুপিয়ে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যাত্রাবাড়ী থানার এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত রাজীব (২৪) কাজলা এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন।
বৃহস্পতিবার বিকালে কাজলার নয়ানগরে শুক্কুর ডাক্তারের চার তলা বাড়ির তৃতীয় তলায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এমরানুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজীবের গলায় কোপানোসহ শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশটি তার নিজ কক্ষের খাটের ওপর লেপ দিয়ে ঢাকা ছিল।
“রাজীবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।”
এই পুলিশ কর্মকর্তার ধারণা, মাদক নিয়ে বিরোধের জের ধরে বুধবার রাতে তাকে হত্যা করা হয়েছে।
প্রতিবেশীদের বরাতে এমরানুল বলেন, ওই বাসায় রাজীব স্ত্রীকে নিয়ে থাকলেও কয়েকদিন ধরে তার স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন।
