২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক-জুয়ার আসর থেকে সরকারি কর্মকর্তা ও স্কুল শিক্ষক আটক

কুড়িগ্রামে মাদক ও জুয়ার আসর থেকে দুই সরকারি কর্মকর্তা ও এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সাত জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। তবে আদালত এজাহারে তাদের এ পরিচয় এড়িয়ে গিয়ে জরিমানা করে ছেড়ে দেয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 05:24 PM

Updated : 22 Aug 2022, 05:39 PM

অভিযানে আটকরা হলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পিআইও আশরাফুল ইসলাম, রাজারহাট উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি)মনোয়ারুল ইসলাম রঞ্জু ও কুড়িগ্রাম কলেজপাড়া এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তৌহিদ মিয়া।

এছাড়া রয়েছেন চিলমারীর সবুজপাড়া এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে মো. নুরুজ্জামান,হাসপাতাল পাড়ার আজিজুল হকের ছেলে ব্যবসায়ী আব্দুল হামিদ, মোল্লা পাড়ার লিয়াকত আলীর ছেলে মেহেদী হাসান ও সর্দার পাড়ার রফিকুল ইসলামের ছেলে রাশেদুজ্জামান।

এরা সবাই শহরের সড়ক বিভাগ সংলগ্ন নবনির্মিত নির্বাচন কমিশন সার্ভেয়ার ভবন থেকে বুধবার সন্ধ্যায় আটক হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের এ যৌথ অভিযানে নেতৃত্বে দেন কুড়িগ্রাম কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানূর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,মানুষের নিয়মিত অভিযোগের কারণে জেলা প্রশাসক এ বি এম আজাদের নির্দেশে এ অভিযান চালানো হয়।

“প্রশাসনের নাকের ডগায় তারা সারাদিন জুয়া খেলা ও মাদক গ্রহণ করত”, বলেন তিনি।

ভ্রাম্যমান আদালত আটক মনোয়ারুলকে মটরযান আইনে দুই হাজার টাকা  এবং অন্যদের প্রত্যেককে মাদক ও জুয়া আইনে পাঁচ হাজার একশ’ টাকা করে জরিমানা করে।