দশ ট্রাক অস্ত্র: ‘খালেদার সম্পৃক্ততা তদন্তে মামলা সম্ভব’
দশ ট্রাক অস্ত্র মামলার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্পৃক্ততার তদন্তের জন্য আদালতে দেয়া পর্যবেক্ষণের ভিত্তিতে আলাদা মামলা করা আইনসিদ্ধ বলে মত দিয়েছেন এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী।
সংশ্লিষ্ট আদালতসহ জ্যেষ্ঠ আইনজীবীরা এই মতকে সমর্থন করলেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলেছেন, তা করা যাবে না।
বুধবার চট্টগ্রাম আদালত ভবনে নিজ কার্যালয়ে দশ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এই মামলার আইনি ব্যাখ্যা দেন।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ ট্রাক অস্ত্র চোরাচালানের সঙ্গে খালেদা জিয়া জড়িত ছিলেন কি না তা নতুনভাবে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছিলেন।
মামলার বিচার ও রায় ঘোষণার পর ঘটনার সঙ্গে কারো সম্পৃক্ততার বিষয়ে তদন্ত সম্ভব কি না- জানতে চাইলে পিপি কামাল বলেন, এটা সম্ভব। তবে ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারা অনুসারে কোনো মামলায় যাদের একবার বিচার হয়েছে তাদের দ্বিতীয়বার বিচার করা যাবে না।
“অর্থ্যাৎ খালাস ৩৮ আসামির বিরুদ্ধে আর তদন্ত সম্ভব নয়। কিন্তু বেগম জিয়ার নাম তো এ মামলার অভিযোগপত্রে আসেনি। তার বিচারও হয়নি।”
সরকার চাইলে খালেদা জিয়া চোরাচালানের ঘটনার সঙ্গে জড়িত কি না তা তদন্ত করে দেখতে পারে উল্লেখ করে পিপি কামাল বলেন, “তবে এজন্য পৃথক মামলা করতে হবে।”
এক্ষেত্রে তদন্তের আইনগত প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর যে কোনো সরকারি তদন্তকারী সংস্থা বিষয়টি তদন্ত করে দেখতে পারে।
“রায়ের পর্যবেক্ষণে যেহেতু খালেদা জিয়ার নাম এসেছে তাই এ বিষয়ে তদন্ত প্রয়োজন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে যে কোনো সরকারি কর্মকর্তা মামলা করতে পারেন।”
নতুন করে মামলা করার ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনার প্রয়োজন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, উচ্চ আদালত ফাঁসির রায় এবং খালাস পাওয়াদের বিষয়ে আপিল শুনানি করবেন।
“রায়ের পর্যবেক্ষণের ভিত্তিতে নতুন মামলা সম্পূর্ণ আলাদা বিষয়।”
খালেদা জিয়ার বিরুদ্ধে কী অভিযোগে মামলা হতে পারে- এ প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ষড়যন্ত্র না কি প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে মামলা হবে সেটা মামলার বাদি এবং পরবর্তীতে তদন্ত কর্মকর্তা ঠিক করবেন।
গত ৩০ জানুয়ারি দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা চোরচালান মামলার রায়ে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ মোট ১৪ জনকে ফাঁসির আদেশ দেন চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান।
৪ ফেব্রুয়ারি প্রকাশিত পূর্ণাঙ্গ রায় দুটির পর্যবেক্ষণে ঘটনার বিষয়ে জানার পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরব থাকাকে ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেন বিচারক।
এবিষয়ে মঙ্গলবার সংসদে আলোচনায় সরকারদলীয় একাধিক সাংসদ ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের সঙ্গে খালেদা জিয়া, তারেক রহমান ও হাওয়া ভবনের সম্পৃক্ততার তদন্ত দাবি জানান।
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম আদালতের নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ এক আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের কেউ আপিল না করলেও ‘ডেথ রেফারেন্স’ উচ্চ আদালতে যাবে। তখন উচ্চ আদালত চাইলে নতুন কোনো বিষয়ে তদন্তের নির্দেশনা দিতে পারবেন।
“আর নতুন মামলা করার যে বিষয়টি পিপি বলেছেন, সেটাও সম্ভব।”
ফৌজদারি মামলায় কোনো ঘটনায় বিচারিক আদালতের রায়ের সূত্র ধরে নতুন আসামিদের বিরুদ্ধে নতুন মামলা দায়ের সম্ভব কি-না জানতে চাইলে সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভব।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেনের মতে, এই ঘটনায় আর কোনো মামলা করা যাবে না।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষী-জেরা, প্রমাণ- সবকিছুর ভিত্তিতে আদালত একটি রায় দিয়েছে। সেই রায়ের পর ওই একই ঘটনায় নতুন করে মামলা দায়ের করা যাবে না। করলে সেটা আইনের লঙ্ঘন হবে।”
