লক্ষ্মীপুরে দুপক্ষের গোলাগুলি, আহত ৭
আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুর সদরে দুই বাহিনীর গোলাগুলিতে অন্তত সাত জন আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দত্তপাড়া বাজারে আজিজ বাহিনী ও জসীম বাহিনীর মধ্যে এ ঘটনার সময় ৫/৬টি দোকান ভাংচুরও হয়। ছিনতাই করা হয় তিনটি মোটরসাইকেল।
আহতদের মধ্যে রয়েছেন শাহাদাত হোসেন, মাসুদ, আবুল বাশার, দেলোয়ার, কাদের মাষ্টার ও রিয়াজ। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, সন্ধ্যায় স্থানীয় জসীম বাহিনীর সদস্য রিয়াজ হোসেনকে অপহরণ করে নিয়ে যায় আজিজ বাহিনীর সন্ত্রাসীরা।
খবর পেয়ে আজিজ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বিপ্লবসহ ১৫-২০ জনের সন্ত্রাসী দল জসীম বাহিনীর সদস্য স্থানীয় দত্তপাড়া বাজারের পান ব্যাবসায়ী মাসুদ ও আবুল বাশারকে অপহরণ করে নিয়ে যায়।
এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আধাঘণ্টাব্যাপী এ সংঘর্ষে প্রায় ২০-২৫ রাউন্ড গোলাগুলি হয়।
সন্ত্রাসীরা এ সময় ৫/৬ টি দোকান ভাংচুর এবং ৩টি মোটরসাইকেল নিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ঘটনার পর বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান ব্যবসায়ীরা। এরপর দত্তপাড়া বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আব্দুল ওয়াহেদ জানান, অপহৃতদের উদ্ধার করলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এজন্য পুলিশি অভিযান চলছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন জানান, আজিজ বাহিনী ও জসীম বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগে অপহরণ হওয়া তিন জনকে পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে।
