‘পীরের’ দখলমুক্ত হলো চবির ৭ একর জমি
কথিত এক পীরের দখলে থাকা সাত একর জমি উদ্ধার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে হাটহাজারি উপজেলা প্রশাসনের সহায়তায় চবি দ্বিতীয় বিজ্ঞান ভবন এলাকাসংলগ্ন ওই সাত একর জায়গা দখলে নেয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভূ-সম্পত্তি শাখার কর্মকর্তারা।
চবি ভূ-সম্পত্তি শাখার উপ-নিবন্ধক জাকের আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনসুর শাহ্ ওরফে লাল ভাণ্ডারি নামে এক কথিত পীর খামার বাড়ি তৈরি করে প্রায় ২০ বছর ধরে সাত একর জায়গা দখল করে রেখেছিল।
বিভিন্ন সময় তাকে সরে যাওয়ার অনুরোধ করলেও তাতে তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ উপ-নিবন্ধকের।
বিকালে হাটহাজারি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান পান্না ও সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামানের নেতৃত্বে চবি প্রশাসন জায়গাটি উদ্ধার করে বলে জানান উপ-নিবন্ধক জাকের।
