ফরিদপুরে আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ ও গুলিসহ ৩ কামার গ্রেপ্তার
ফরিদপুরের মধুখালী উপজেলায় আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, গুলি, ধারালো অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিন কামারকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র তৈরি ও বিক্রিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের উপ-সহকারী পরিচালক হোসেন আলী জানান, বুধবার রাত ১টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের সমাধিনগর ও গড়িয়াদহ সংযোগ সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের বাদল সরকার (৪০) ও সুফল মণ্ডল (২৪) এবং মাগুরা জেলার কছনদী গ্রামের রাম বিশ্বাস (২৬)।
এদের মধ্যে বাদলের কামারশালা রয়েছে। আর সুফল ও রাম তার সহযোগী হিসেবে কাজ করেন। বাদলের কামারশালায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে তা বিক্রি করা হতো।
র্যাব কর্মকর্তা হোসেন আলী বলেন, এই তিনজন রাতে মোটরসাইকেলে করে ওই এলাকায় অস্ত্র বিক্রি করতে আসলে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে বাদলের বাড়িতে তল্লাশি চালিয়ে রাইফেলের বোল্ট, ক্যারিয়ার, সাতটি স্প্রিং, একটি পাইপ, ছয়টি চাপাতি এবং পিস্তলের একটি গুলিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মধুখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে হোসেন আলী জানান।
