২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ফটকে বিস্ফোরণ, ভর্তিচ্ছুসহ আহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী সেজে আসা এক যুবকের ব্যাগে থাকা হাতবোমা বিস্ফোরিত হয়ে পরীক্ষার্থী ও পুলিশসহ চার জন আহত হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 10:58 AM

Updated : 01 Sep 2026, 12:17 PM

রাবির ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাইবান্ধা থেকে পরীক্ষা দিতে আসা দুই শিক্ষার্থী জুঁথি আক্তার ও রেশমী সুলতানা এবং মহানগর বিশেষ গোয়েন্দা শাখার সদস্য মজিবুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী নজরুল ইসলাম।

প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১১টার পরীক্ষা শুরু আগে বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় পরীক্ষার্থীদের তল্লাশি করছিলেন পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। এ সময় এক যুবকের ব্যাগ খোলার পরপরই বোমা বিস্ফোরিত হয়।”

বিস্ফোরণের পর ওই যুবক দ্রুত সরে পড়ে। পাশেই থাকা চারজনের গায়ে লাগে বোমার স্প্লিন্টার।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রক্টর জানান।

এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে টহল পুলিশ। ক্যাম্পাসের নিরাপত্তাও ড়ানো হয়।

পরে পুলিশের বোমা বিশেষজ্ঞ দল এসে তল্লাশি করে ওই ব্যাগের ভেতর থেকে একটি পিস্তল ও একটি হাতুড়ি উদ্ধার করে বলে মতিহার থানার ওসি জিএম সামসুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সন্দেহ হওয়ায় ওই যুবককে তল্লাশি করা হয়েছিল। ওই যুবককে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা তাকে ধরার চেষ্টা করছি।”

প্রক্টর তারিকুল বলেন, “একটি মহল সাধারন শিক্ষার্থীদের মনে আতঙ্ক তৈরি করার জন্য এ ঘটনা ঘটাতে পারে। তবে আমরা সময়মতোই পরীক্ষা চালিয়ে যাচ্ছি।”

ভর্তি পরীক্ষার মধ্যে এ ধরনের ঘটনার জন্য ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ক্যাম্পাসে যারা অস্থিতিশীলতা তৈরি করে সেই মৌলবাদী শিবির কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে।”

অবশ্য শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবলু দাবি করেছেন, তাদের কেউ এতে সম্পৃক্ত নন।

বৃহস্পতিবার ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম দিন। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ও বি ইউনিটের পরীক্ষা চলে।

সূচি অনুযায়ী, এবার ভর্তি পরীক্ষা শেষ হবে আগামী ২৭ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভর্তি পরীক্ষা চলছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় ভাল ভাবেই পরীক্ষা সম্পন্ন করতে পারব বলে আশা করি।”