‘সংখ্যালঘু নির্যাতনের প্রতিবেদন কেন প্রকাশ নয়’
বিগত চার দলীয় জোট সরকারের সময় ২০০১ সালে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদন কেন প্রকাশ করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
পাশাপাশি ২ ফেব্রুয়ারির মধ্যে ওই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছে আদালত।
এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
গত ৫ জানুয়ারি নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়। এই প্রেক্ষাপটে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বুধবার হাই কোর্টে এই রিট আবেদন করেন। তিনিই আদালতে শুনানি করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
মনজিল মোরসেদ বলেন, “২০০১ সালের সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনা ঘটেছিল তার তদন্ত প্রতিবেদন প্রকাশিত হলে এবং জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হলে ২০১৪ সালে এসে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না।”
২০০১ সালে নির্বাচনোত্তর ওই ঘটনায় ২০০৯ সালের শেষ দিকে হাই কোর্টে একটি রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে অবসরপ্রাপ্ত জেলা জজ মো. শাহাবুদ্দীনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিশন গঠন করা হয়। ওই কমিশন ২০১১ সালের এপ্রিলে প্রায় ১১শ’ পৃষ্ঠার একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিলেও তা প্রকাশ করা হয়নি।
ওই প্রতিবেদন জমা পড়ার আগে এক সংবাদ সম্মেলনে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছিলেন, হিন্দু সম্প্রদায় ও তখনকার বিরোধী দল আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনায় ‘নির্যাতনকারী’ হিসাবে ২৬ হাজার ৩৬৫ জনকে চিহ্নিত করেছে সরকার। এদের মধ্যে সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের ২৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য রয়েছেন।
২০০১ এর নির্যাতন১৮ জনের বিরুদ্ধে এ সপ্তাহেই মামলা: মন্ত্রী
বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতার প্রত্যক্ষ মদদে ২০০১ সালে নির্বাচনোত্তর ওই সহিংসতা ঘটে বলেও সে সময় জানিয়েছিলেন তিনি।
প্রতিবেদনে নাম আসা সাবেক মন্ত্রীরা হলেন- বিএনপি নেতা আলতাফ হোসনে চৌধুরী, তরিকুল ইসলাম, হাফিজউদ্দিন আহমদে, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আব্দুস সালাম পিন্টু ও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী।
তখনকার সংসদ সদস্যদের মধ্যে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদুল হক জামাল, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, নাদিম মোস্তফা, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), এ এইচ এম সেলিম, শহিদুল ইসলাম, ইলিয়াস আলী, ইলেন ভুট্টো, হাফিজ ইব্রাহীম, সালাউদ্দীন আহমেদ, আলমগীর হায়দার, ডা. সালেক চৌধুরী, জহিরউদ্দীন স্বপন ও মাওলানা সাখাওয়াত হোসন এবং জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসাইন সাঈদী, ডা. আবু তাহের ও আব্দুস সোবহানের নামও প্রতিবেদনে এসেছে বলে সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়।
