২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরে জামায়াত-শিবিরের ৭ কর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) থেকে জামায়াত-শিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 10:04 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

নির্বাচনকালিন বিভিন্ন স্থানে নাশকতা ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে তাদের আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদর থেকে তিন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৪টায় সদরের প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কার্যালয় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

উপজেলার ছয়আনি গ্রামের মোহাম্মদ আলী (৩৩), নবীনগর উপজেলার বগডর গ্রামের আব্দুল আজিজ (৪০) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাউদি গ্রামের জহিরুল ইসলাম (৩৮) গ্রেপ্তার হয়েছে।

বাঞ্ছারামপুর থানার ওসি মো. আলাউদ্দিন চৌধুরী জানান, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই,কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদ ও গোলাম আজমের মুক্তির দাবিতে লিখিত  বেশ কিছু পোস্টার উদ্ধার করা হয়।

"গত কয়েক দিন ধরে তারা উপজেলার বিভিন্ন গ্রামে জামায়াতের নেতাকর্মীদের সংগঠিত করতে বেশ কয়েক জায়গায় গোপন বৈঠক করে।"

ওসি আলাউদ্দিন জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

দিনাজপুর

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) থেকে ছাত্রশিবিরের চার কর্মী আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস  থেকে আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান, মনিরুজ্জামান, সালাউদ্দিন ও আরিফ।

এরা ছাত্রশিবিরের কর্মী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের শহর কমিটির প্রচার সম্পাদক সোহেল রানা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরামর্শক ড. শাহাদত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,ক্যাম্পাসে এই চারজনকে একদল ছাত্র আটক করে।

"বিক্ষুব্ধ ছাত্ররা এদের মধ্যে আরিফকে মারপিট করে।"

তিনি জানান, খবর পেয়ে শিক্ষকরা এই চার শিবির কর্মীকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

বিক্ষুদ্ধ ছাত্রদের হামলায় আহত হওয়ায় আরিফকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্যাম্পাস থেকে চারজনকে আটকের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন।