২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক ভবনের ছাদে মুণ্ডুহীন লাশ

রাজধানীর পল্টন থানার পেছনে পুরাতন ট্রাফিক ভবনের ছাদ থেকে এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 12:34 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

নিহতের কোনো পরিচয় জানাতে পারেনি পুলিশ। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরনে ট্রাউজার ও গেঞ্জি ছিল।

যে ভবনের ছাদে লাশটি পাওয়া গেছে, তাতে থাকেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পুলিশের স্থাপনা এড়িয়ে পাঁচতলা ওই ভবনে যাওয়ার কোনো পথ নেই। ছাদে ওঠার জন্য সিঁড়ি নেই, রয়েছে লোহার মই।

মঙ্গবার সকালে পাশের বহুতলা পুলিশ হাসপাতাল থেকে থানায় জানানো হয়, ট্রাফিক ভবনের ছাদে কে যেন অচেতন হয়ে পড়ে আছেন।

এরপর পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে বলে জানান পল্টন থানার ওসি মোরশেদ আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ধারণা রাতের কোনো এক সময় ছাদে ওই যুবককে হত্যা করা হয়ে থাকতে পারে। ছাদের বিভিন্ন স্থানে রক্তের দাগ রয়েছে।”

বিকাল পর্যন্ত ওই যুবকের মাথা পাওয়া যায়নি, মেলেনি পরিচয়ও।

লাশটি কার হতে পারে জানতে চাইলে ওসি বলেন, নিহতের শরীরের গড়ন সুন্দর এবং স্বাস্থ্যবানও। তবে মাথা না পাওয়া পর্যতন্ত কিছু বলা যাচ্ছে না।

ওই ভবনের বসবাসকারীদের কেউ নিখোঁজ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “অনেকে ডিউটিতে আছেন। সবাই ফিরলে বিষয়টি জানা যাবে।”

পুলিশের কয়েকটি দল ইতোমধ্যে এই হত্যাকাণ্ডের তদন্তে কাজ শুরু করেছেন বলে ওসি জানান।

গোয়েন্দা পুলিশের (পূর্ব) উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ভবনের নিচে একটি ড্রেন থেকে একটি সাদা শার্ট উদ্ধার করা হয়েছে, এর পকেটে ৯৩৫ টাকা পাওয়া গেছে। আমাদের ধারণা শার্টটি ওই যুবকের পরনে ছিল।”

কালো রঙের একটি জ্যাকেটও নিচে পাওয়া যায়।

সরেজমিনে দেখা গেছে, এই ভবনে কেউ যেতে হলে থানার ফটক দিয়েই ঢুকতে হয়। আবার উত্তর পাশে পুলিশের স্টাফ কোয়ার্টার দিয়েও ঢোকা যায়।

ভবনটির নিচ তলায় একটি ক্যান্টিন রয়েছে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন ট্রাফিক পুলিশ সদস্যরা। চতুর্থ ও পঞ্চম তলায় রাজারবাগ পুলিশ লাইনের খেলোয়াড়, চালকসহ অন্যরা থাকেন।

প্রতি তলায় মোট ৮৮ জনের থাকার ব্যবস্থা রয়েছে।

ট্রাফিক পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সদস্য জানিয়েছেন, রাত সাড়ে ৩টার দিকে তারা ছাদে হুড়োহুড়ির শব্দ পেয়েছেন।

দ্বিতীয় তলায় বসবাসকারী ট্রাফিক পুলিশ এম জগলুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “সাধারণত একতলায় বসবাসকারী কেউ অন্য তলায় যায় না। তবে এই ভবনের বাইরের কেউ না এলেও আত্মীয়-স্বজনরা আসে।”

ছাদ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ মর্গে পাঠানো হয়েছে।