গাইবান্ধায় আবার হামলার মুখে পুলিশ
গাইবান্ধায় সুন্দরগঞ্জের পর গোবিন্দগঞ্জেও নাশকতার আসামিদের ধরতে গিয়ে জামায়াতে ইসলামীর হামলার মুখে পড়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে সোমবার রাতে জামায়াত-শিবিরের হামলায় তাদের দুই সদস্য আহত হয়েছেন।
হামলার মুখে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে পাঁচজন আহত হন বলে গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম জানিয়েছেন।
একদিন আগে সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশ অভিযানে গিয়ে জামায়াতি হামলায় পড়ে ২৪ পুলিশ সদস্য আহত হন।
গত বছরের শুরুতে যুদ্ধাপরাধীদের রায় ঘোষণার পর থেকে গাইবান্ধায় জামায়াতি তাণ্ডব চলছে। এতে কয়েকজন পুলিশও নিহত হন।
গত ৫ জানুয়ারির ভোট ঠেকাতে নাশকতার পর পুলিশ গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।
ওসি জাহিদুল সাংবাদিকদের বলেন, রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জামায়াত-শিবির নেতাকর্মী আটক করতে ওই গ্রামে কয়েকজনের বাড়িতে অভিযান চালায়।
বাড়ি চিনিয়ে দিচ্ছিল বলে জামায়াত নেতারা সন্ধ্যায় বাসুদেবপুর বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম সবুজের ছোট ভাইসহ তার তিন বন্ধুকে চড়-থাপ্পর মারে।
ওসি বলেন, “পরে তারা বাসুদেবপুর গ্রামের ছাত্রলীগকর্মী সাজু মিয়ার বাড়ি ভাংচুর চালায়। রাতে সবুজের বাড়ি ঘেরাও করে তারা। কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জামায়াতকর্মীরা পুলিশের ওপর ইট ছুড়তে থাকে বলে ওসি জানান।
তিনি বলেন, “পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়লে তারা পালিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।”
ওসি আরো জানান, ঢিলের আঘাতে আহত দুই পুলিশ সদস্যকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
