আসামি ধরতে গিয়ে জামায়াতের হামলা, আহত ৩০
গাইবান্ধার সুন্দরগঞ্জে আসামি ধরতে গিয়ে জামায়াত-শিবিরের হামলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ২৪ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
গত বছর ফেব্রুয়ারিতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সুন্দরগঞ্জে সংহিসতায় জড়িতদের ধরতে শনিবার রাত সোয়া ১২টার দিকে সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামে যৌথ অভিযান শুরুর পর এ ঘটনা ঘটে।
হামলাকারীরা আইন-শৃ্ঙ্খলা বাহিনীর সদস্যদের রাতভর অবরুদ্ধ রেখে পুলিশের একটি পি-কাপ ভ্যান পুড়িয়ে দেয়। সকালে অতিরিক্ত পুলিশ-র্যাব ও বিজিবি গিয়ে তাদের উদ্ধার করে আনেন।
এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান।
আহতের মধ্যে পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন ও আব্দুল মতিন, রজব আলী, সহকারী উপ-পরিদর্শক নিহার রঞ্জনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, রাতে অভিযান শুরুর পর স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা গ্রামবাসীকে নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘিরে ফেলার চেষ্টা করে।
“হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। আত্মরক্ষার জন্য পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালালেও ঘেরাও থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়।”
সারারাত পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের সংর্ঘষে পুলিশের ২৪ সদস্য আহত হন। গুলিবিদ্ধ হন কমপক্ষে ছয় জামায়াতকর্মী।
পরে রোববার সকাল সাড়ে ৭টার দিকে গাইবান্ধা থেকে অতিরিক্তি পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য গিয়ে পুরো গ্রাম ঘেরাও করে ফেলে এবং অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে আনে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
অভিযান শেষ হয় সকাল ৯ টারদিকে। ওই সময় পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে সুন্দরগঞ্জ থানার ওসি জানান।
একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় সাঈদীর মামলার রায়ের পর গতবছর ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবির কর্মীরা সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা করে চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে।
ওইদিন বামনডাঙ্গা রেল স্টেশনে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।সুন্দরগঞ্জ থানায় হামলা হলে পুলিশের গুলিতে নিহত হন ৩ জামায়াত-শিবির কর্মী।
এছাড়া ওই সময়ে জামায়াত-শিবিরের হামলায় আরো একজন নিহত হন। বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বসতবাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পুড়িয়ে দেয়া হয়।
এসব ঘটনায় ১০০ জনের নাম উল্লেখ করে ৬০ হাজার জনকে আসমি করে মোট ৩২টি মামলা করে পুলিশ। ওই আসামিদের ধরতেই শনিবার রাতে অভিযান চালানো হয় বলে ওসি জানান।
