বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারিতে যমুনার কর্মকর্তা গ্রেপ্তার
বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারির মামলার আসামি যমুনা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার বিকালে রাজধানীর সেগুন বাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুদকের উপপরিচালক মাহবুবুর রহমান।
ভুয়া কাগজপত্র দেখিয়ে জালিয়াতির মাধ্যমে বিসমিল্লাহ গ্রুপ বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা তুলে আত্মসাত করে বলে অভিযোগ রয়েছে।
এই অভিযোগে গত নভেম্বরে ৫৩ জনকে আসামি করে রাজধানীর রমনা মডেল, মতিঝিল ও নিউ মার্কেট থানায় ১২টি মামলা করে দুদক।
আসামিদের মধ্যে ৪০ জনই ব্যাংক কর্মকর্তা। বাকিরা বিসমিল্লাহ গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা।
দুদকের উপপরিচালক মাহবুব বলেন, বিসমিল্লাহ গ্রুপকে ঋণ পাইয়ে দিতে মোজাম্মেল হোসেন সহযোগিতা করেছিলেন।
প্রাইম ব্যাংকের মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপক মোজাম্মেলকে রমনা থানায় হস্তান্তর করেছে দুদক।
