২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা তৈরির নির্দেশিকাসহ ৩ পাকিস্তানি গ্রেপ্তার

বোমা তৈরির নির্দেশিকাসহ তিন পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 12:02 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় শিল্পকলা একাডেমির সামনে থেকে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়।

মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তিন পাকিস্তানির কাছে একটি ল্যাপটপ ও বোমা তৈরির ‘ম্যানুয়াল’ পাওয়া গেছে।

গ্রেপ্তার তিনজন হলেন- মেহমুদ (২৬), ওসমান (২৩) ও ফখরুল (৫০)।

দুপুরে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, “বাংলাদেশে ঝিমিয়ে পড়া জঙ্গিদের সক্রিয় করে সহিংসতা তৈরির পরিকল্পনা ছিল গ্রেপ্তারদের।”

গ্রেপ্তার মেহমুদ ও উসমানকে এর আগেও পুলিশের একটি বিশেষ সংস্থা গ্রেপ্তার করেছিল। সে সময় তারা বলেছিল জামিন নিয়ে পাকিস্তান ফিরে যাবে। গ্রেপ্তার মেহমুদ ও উসমান অত্যাধুনিক অস্ত্র চালানো, গাড়িবোমা তৈরিসহ প্রায় ১২ ধরনের বোমা তৈরি করতে পারে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

তাদের পাসপোর্টের ব্যাপারে মনিরুল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি তাদের এদেশে নিয়ে আসায় স্থানীয় কারো ভূমিকা রয়েছে। তাদের কারো কাছে গ্রেপ্তারদের পাসপোর্ট জমা থাকতে পারে।”

তাদের গ্রেপ্তারের ব্যাপারে পাকিস্তান দূতাবাসকে অবহিত করা হবে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে ডিবির এই কর্মকর্তা বলেন, বাংলাদেশে সহিংসতা চালাতে ব্যর্থ হয়ে মিয়ানমারের আরাকানিদের সহায়তা করে ‘তথাকথিত জিহাদে’ অংশ নেয়ার পরিকল্পনাও করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তাররা।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা মায়ানমার ভিত্তিক জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-আজাদি আরাকানের’ জন্যও কাজ করতে সংকল্পবদ্ধ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পাসপোর্ট আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান।