১০ ট্রাক অস্ত্র মামলা: তদন্ত কর্মকর্তার পুনঃজেরার শুনানি
বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তাকে আবার জেরার আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এই আবেদনের শুনানি হয়।
দিনের শুনানি শেষে আগামী ২৩ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ঠিক করেন আদালত।
গত ১২ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা আহাদুর রহমানকে পুনরায় জেরা করার নির্দেশনা চেয়ে আবেদনটি করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎকালীন ফিল্ড অফিসার আকবর হোসেন খান।
১০ ট্রাক অস্ত্র: সিইউএফএল নিরাপত্তা কর্মকর্তার সাক্ষ্য দান
রোববার আদালতে তার পক্ষে শুনানি করেন শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়।
আগামী ৩০ জানুয়ারি এই মামলার রায় ঘোষণার দিন রেখেছেন চট্টগ্রামের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমান।
