নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গণজাগরণের ইমরান
নির্বাচনপরবর্তী সাম্প্রদায়িক হামলার শিকার সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে গণজাগরণ মঞ্চের ঠাকুরগাঁওমুখী রোডমার্চ পৌঁছেছে রংপুর মেডিকেল কলেজে।
এই শিক্ষা প্রতিষ্ঠানেই চিকিৎসা শাস্ত্র পড়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
রংপুরে পৌঁছার পর শিক্ষক-শিক্ষার্থীরা মেডিকেলে কলেজের শহীদ ডা. মিলন হোস্টেলের সামনের রাস্তায় দাঁড়িয়ে স্বাগত জানায় রোডমার্চের কাফেলাকে।
২১ ব্যাচের শিক্ষার্থী সাদমান সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (ইমরান) রংপুর মেডিকেল কলেজে আসার খবর আমরা বেলা ১২টার দিকে পাই। এরপর তাকে স্বাগত জানানোর প্রস্তুতি গ্রহণ করি।
“তিনিতো আগের সেই ইমরান ভাই নেই। তিনি নতুন ইতিহাস গড়েছেন। আমরা ক্লাস বর্জন করে স্বল্প সময়ের আয়োজনে আমরা তাকে স্বাগত জানাই।”
বিএমএরর নেতা ও ছাত্রনেতাদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এখানে অংশ নেন।
আরেক শিক্ষার্থী খান মোহাম্মদ শিহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহবাগ আন্দোলন শুরু হওয়ার পর আমরা এখানেও গণজাগরণ মঞ্চ তৈরি করে আন্দোলন শুরু করি।
“তাকে আমরা এই মেডিকেলে আরো আগেই প্রত্যাশা করেছিলাম। কিন্তু এতোদিন তিনি আসেন নাই। শেষ পর্যন্ত তাকে পেয়ে আমরা খুবই খুশী।”
ইমরান এভাবে সারা দেশে গেলে যুদ্ধাপরাধীদের ফাঁসি ত্বরান্বিত হবে বলে মনে করেন তিনি।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহবাগ আন্দোলন শুরু পর প্রথমবারের মতো ইমরান ভাই এই মেডিকেলে এসেছেন।”
তিনি ২০০২ সাল থেকে ২০০৭ পর্যন্ত এই কলেজে পড়াশোনা করেন।
