২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সন্ত্রাস: ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ

হিন্দুদের ওপর সহিংসতার প্রতিবাদে যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে প্রবাসীদের কয়েকটি সংগঠন। এ সময় ব্রিটেনের কয়েকজন এমপিও তাদের সঙ্গে যোগ দেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 04:21 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বুধবার ক্যাম্পেইন ফর দ্য প্রকেটশন অব রিলিজিয়াস মাইনরটি ইন বাংলাদেশ (সিপিআরএমবি) নামের একটি সংগঠন আয়োজনে এই বিক্ষোভ হয়।

বিক্ষোভের পর একটি মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে যান আন্দোলনকারীরা। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বরাবর একটি স্মারকলিপি দেন তারা। লন্ডনে বাংলাদেশের হাই কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরেও আরেকটি স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা।

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও এমপি জিম ফিটজপেট্রিক এবং হাউস অব লর্ডসে ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা লর্ড ডোলাকিয়া বিক্ষোভে   অংশ নিয়ে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

বিষয়টি বৃহস্পতিবার হাউস অব কমন্সে তোলার আশ্বাস দেন জিম ফিটজপেট্রিক। রুশনারা আলী ও জেরেমি করবাইন পার্লামেন্টে তার সঙ্গে যোগ দেবেন বলেও আশা করেন তিনি।

এছাড়া যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক অল পার্টি পার্লামেন্ট গ্রুপের ভাইস চেয়ারম্যান লর্ড অ্যাভেবারিও কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের নিন্দা জানান।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট হওয়ার পর যশোর, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলা হয়। তাদের মারধর, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়াসহ ব্যাপক নির্যাতন চালায় হামলাকারীরা।

কর্মসূচির অন্যতম সংগঠক পুষ্পিতা গুপ্ত সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে যে ধরনের নোংরা ঘটনা ঘটেছে আমাদের উচিত বজ্রকণ্ঠে তার প্রতিবাদ জানানো।”

বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিল-ইউকে অ্যান্ড ইউরোপ, মাইনরটি রাইটস কাউন্সিল, শ্রী শ্রী লোকনাথ ভক্ত পরিষদ, হিন্দু প্রগতিসংঘ, ইন্টারন্যাশনাল বুডডিস্ট অ্যাসোসিয়েশন, আওয়ামী লীগ, জাসদ, কমিউনিস্ট পার্টি, ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম ও গণজাগরণ মঞ্চের লন্ডন শাখার নেতারা ওই বিক্ষোভে একাত্মতা জানান।