২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কর্ণাই গ্রামে সহিংসতা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ’

দিনাজপুরের কর্ণাই গ্রামে সহিংসতাকে রাষ্ট্রের ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 08:43 PM

Updated : 22 Aug 2022, 05:31 PM

বুধবার বিকালে এ গ্রাম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, এটা শুধু নির্বাচনী সহিংসতা নয়, নির্বাচন একটি অজুহাত মাত্র। এটি সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ, এটি রাষ্ট্রের বিরুদ্ধে-সার্বভৌমত্বের বিরুদ্ধে এক ধরনের অঘোষিত যুদ্ধ।

৫ জানুয়ারি ভোটের দিন কর্ণাই সরকারি প্রাথমিক বিদালয় কেন্দ্রে ভোট গণনার পরপরই ভোটে অংশ নেয়ায় জামায়াত-শিবিরের কয়েকশ’ ক্যাডার সংখ্যালঘু পরিবারের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত কর্ণাই গ্রামের সাহাপাড়া, প্রিতমপাড়া, প্রফুল্লপাড়া, তেলীপাড়া, বৈদ্যপাড়া, হাজীপাড়া ও অজয়পাড়ায় প্রায় তিন ঘণ্টা তাণ্ডবলীলা চালায়।

গভীর রাত পর্যন্ত হামলাকালে তারা ৪/৫টি বাড়ি, ৬/৭টি দোকান জ্বালিয়ে দেয়। এছাড়া শতাধিক বাড়ি, অর্ধশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে এবং মূল্যবান মালামাল লুট করে।

কমিশন চেয়ারম্যান বলেন, যারা সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষের উপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করছে, তাদেরকে প্রতিহত করতে হবে।

“এদের প্রতিহত করার প্রথম দায়িত্ব রাষ্ট্রের। কারণ রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগিরিকের নিরাপত্তা নিশ্চিত করা,” বলেন তিনি।

পাশাপাশি সন্ত্রাসবাদ-জঙ্গিবাদকে রুখে দিতে জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

অধ্যাপক মিজানুর রহমান এ সন্ত্রাসে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তবে কোনো নিরাপরাধ ব্যক্তি যাতে হয়রারির শিকার না হন সেদিকেও সতর্ক থাকার কথা মনে করিয়ে দেন তিনি।

কর্ণাই গ্রামে সহিংসতায় ক্ষতিগ্রস্তদেরও রামুর ক্ষতিগ্রস্তদের মতো পূণর্বাসনের দাবি জানান রাষ্ট্রের কাছে।

এ সময় তার সঙ্গে ছিলেন কমিশন সদস্য বিশিষ্ট সাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক মাহাফুজা খানম ও কমিশনের উপ-পরিচালক ইমাম উদ্দিন কবির।