চট্টগ্রামে হরতালেও যান চলাচল স্বাভাবিক
চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের ডাকা হরতালে সাড়া নেই নগরবাসীর।
বুধবার হরতালে নগরীর বিভিন্ন স্থানে যান চলাচল অনেকটা স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচলও বাড়তে শুরু করে।
রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে সংগঠনের শাহ আমানত হল শাখার সাধারণ সম্পাদক মামুন হোসেন নিহতের প্রতিবাদে বুধবার তিন পার্বত্য অঞ্চল ছাড়া বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে শিবির।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহিদুল্লাহ বলেন, সকাল থেকে নগরীর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নগরীর যান চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এদিকে নগরীর রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকাসহ অন্যান্য বিভিন্ন পোশাক কারখানার কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। ব্যাংক, বীমা ও সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রমও চলছে অন্য দিনের মতো।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বড় যান চলাচল কম করলেও ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
